কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বসুরহাটে বিএনপির সমাবেশে ফখরুল ইসলাম এমপি, অংশ নেন হাজারো নেতাকর্মী
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বসুরহাট পৌরসভা কার্যালয়ের সামনে বটতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও জাতীয় ঐক্য সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সমাবেশকে ঘিরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে সমবেত হন। এতে বটতলা এলাকা একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






