এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ
এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৮ নভেম্বর) শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় মাঠে না নেমেই শেষ চারে জায়গা পাকা হয় বাংলাদেশের। ড্র করে টিকে রইল ভুটানও।
ম্যাচের ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান শ্রীলঙ্কার অলিভার কেলার্ট। ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন ওয়াসিম রাজিক।
বিরতির পর ৬৮ মিনিটে পেনাল্টি পায় ভুটান, তবে অধিনায়ক চেনচো গিয়েলশেনের স্পটকিক ঠেকিয়ে দেন লঙ্কান গোলকিপার সুজন পেরেরা। ৭৬ মিনিটে দুর্দান্ত গোলে দলকে সমতায় ফেরান চেনচো।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়েন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তাঁর অভিযোগ, সাফে আয়োজক দেশ ও ভারতের পক্ষে সুবিধা দেওয়ার প্রবণতা রয়েছে। তিনি বলেন, ‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। আমাদের সময় নষ্ট করবেন না।’
ভুটানের বিপক্ষে রেফারির কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে সাফের নীতি পরিবর্তনের দাবি জানান মুতাইরি। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আসন্ন ম্যাচ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফাইল ছবি: FNH004 / উইকিমিডিয়া কমন্স (CC0)





