রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
‘সুন্দলপুর সাউথ-১’ ঘিরে কোম্পানীগঞ্জে নতুন সম্ভাবনার হাতছানি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সদ্য আবিষ্কৃত ‘সুন্দলপুর সাউথ-১’ গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
রোববার (৮ নভেম্বর) দুপুরে তিনি গ্যাসক্ষেত্রটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম গ্যাসক্ষেত্রটির অনুসন্ধান, গ্যাসের মজুত, উত্তোলনের সম্ভাবনা এবং চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় বাপেক্সের কর্মকর্তারা গ্যাসক্ষেত্রের বিভিন্ন দিক সম্পর্কে তাঁকে অবহিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পাওয়ায় এ অঞ্চলের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি, শিল্পায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন এ গ্যাসক্ষেত্রের আবিষ্কারকে কোম্পানীগঞ্জ তথা নোয়াখালীর জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্যতার বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে এর বাণিজ্যিক গুরুত্ব আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
এদিকে গ্যাসক্ষেত্রটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনুসন্ধান ও মূল্যায়নের পর দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।





