যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৩০ হাজার ‘ভুয়া শিক্ষার্থী’, ১৩ কোটি ডলার আত্মসাতের তদন্তে এফবিআই
যুক্তরাষ্ট্রে চুরি করা পরিচয় ব্যবহার করে ‘ভুয়া শিক্ষার্থী’ সেজে সরকারি শিক্ষাসহায়তার অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত জোরদার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি এ পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার জালিয়াতিপূর্ণ শিক্ষার্থী সহায়তা অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যেগুলোর মাধ্যমে ১৩ কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় এফবিআই ৪৭টি আলাদা তদন্ত শুরু করেছে। প্রতিটি তদন্তে একাধিক সন্দেহভাজন থাকতে পারে। এফবিআইয়ের ৫৫টি ফিল্ড অফিসের প্রায় অর্ধেকই এখন ‘ঘোস্ট স্টুডেন্ট’ মামলা নিয়ে কাজ করছে।
এফবিআইয়ের ক্রিমিনাল ডিভিশনের সহকারী পরিচালক হিথ জ্যাঙ্কি বলেন, ‘ঘোস্ট স্টুডেন্টদের ব্যাপারে আমরা কেবল শুরু করেছি।’ এসব প্রতারণাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষায় সুযোগ বাড়ানোর কর্মসূচিকে কাজে লাগাচ্ছে প্রতারকেরা। ‘আমরা অর্থের উৎস খুঁজে বের করব এবং জবাবদিহি নিশ্চিত করব।’
‘অপারেশন ঘোস্টবাস্টার্স’ নামে দেশব্যাপী এ তদন্তে এফবিআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন শিক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়। গত অক্টোবরে বিচার বিভাগ এ অভিযানের ঘোষণা দিয়ে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনে।
অভিযুক্তদের একজন নেব্রাস্কার লিংকনে বসবাসরত ২৩ বছর বয়সী কেনিয়ার নাগরিক ফ্রান্সিস মোগাম্বি, যিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্রসিকিউটরদের অভিযোগ, তিনি উইসকনসিন, ওহাইও, ভার্জিনিয়া ও নিউইয়র্কের বাসিন্দাদের পরিচয় চুরি করেছেন।
সূত্র: এবিসি নিউজ, কেএমপিএইচ
প্রতীকী ছবি





