এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের আগুন
রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করে রাখা গাড়িতে এ ঘটনা ঘটে।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা দ্রুত পালিয়ে যায়।
কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভিতে ঘটনাটি দেখে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই গাড়ির একাংশ পুড়ে যায়।
ঘটনার নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের বহিঃপ্রকাশ এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তাঁদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
দলটির অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত ফ্যাসিবাদী শক্তি’ এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এবি পার্টি দ্রুত সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





