গোপালগঞ্জে পুলিশ-বিজিবির টহল, পাশে দেশি অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া
গোপালগঞ্জ শহরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ টহলের সময় দেশি অস্ত্র হাতে মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অন্তত ২০টি গাড়ি নিয়ে যৌথ টহলে বের হন পুলিশ ও বিজিবির সদস্যরা। শুরু থেকেই মোটরসাইকেলে করে টহল দলের পেছনে পেছনে আসেন দেশি অস্ত্রধারী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
লঞ্চঘাটে অবস্থান নেওয়া নেতাকর্মীদের অনেকের হাতে রামদা, হকিস্টিক ও কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র ছিল। তাঁরা অস্ত্র উঁচিয়ে স্লোগান দেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্লোগানে অংশ নিতে বলেন। কয়েকজন টহল গাড়ির পেছনে উঠে বারবার অস্ত্র প্রদর্শন করেন। এ সময় পুলিশ-বিজিবির সদস্যদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
এদিন সকাল থেকে বৃষ্টির মধ্যেও শহরের বিভিন্ন মোড়ে দেশি অস্ত্র নিয়ে অবস্থান নেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। শহরের দোকানপাট বন্ধ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী আসেনি, সরকারি-বেসরকারি অফিসও প্রায় ফাঁকা ছিল। মহাসড়ক থেকে শহরে ঢোকার সড়কে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে কাশিয়ানীর মহেশপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে এবং দুপুরে সদরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





