ঢাকায় হাতবোমা আসছে কোথা থেকে? উৎস খুঁজছে পুলিশ, চার জেলায় কড়া নজরদারির নির্দেশ
কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর এসব বোমার উৎস খুঁজছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে ককটেল ঢাকায় আসার বিষয়টি পুলিশের এক উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনায় এসেছে।
মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। বৈঠকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারদের এসব জেলা থেকে যেন ঢাকায় বোমা না আসে, সে জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়। এসব জেলায় সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করতে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও জানানো হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এসব ককটেল কোথায় তৈরি হয়, কারা এর সাথে জড়িত সে ব্যাপারে আমরা গুরুত্বের সাথে কাজ করছি।’
পুলিশের হিসাবে, ১০ নভেম্বরের আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি গাড়িতে আগুন দেওয়া হয় এবং ঢাকাসহ সাত জেলায় অন্তত ২৮টি ককটেল বিস্ফোরণ ঘটে। ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতেও রাজধানীর আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে কেউ হতাহত হননি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে দিন-রাত চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা এসব নাশকতার পেছনে রয়েছেন। দলটির মিছিল ও রাজনৈতিক কর্মসূচি বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। তবে আইজিপি গণগ্রেপ্তার এড়িয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন পুলিশ সুপার।
ফাইল ছবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌজন্যে)





