কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি, শৌচাগারের আয়নায় লেখা বার্তা ঘিরে আতঙ্ক
ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি বার্তা লেখা দেখতে পান কেবিন ক্রুরা।
উড়োজাহাজটি তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানার পর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। তাৎক্ষণিকভাবে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে বিমানবন্দরের ‘আইসোলেশন বে’তে সরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের নামিয়ে আনা হয়।
সিআইএসএফ, বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দল উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালায়; যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও লাগেজ পরীক্ষা করা হয়। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
কে বা কারা ওই বার্তা লিখেছে, তা শনাক্ত করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিমানবন্দর ও উড়োজাহাজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
ছবি: এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ (ফাইল ছবি, রয়টার্স)





