শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ ও উপস্থিতির হার বাড়াতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মিড-ডে মিল চালু করেছে নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এ খাবার দেওয়া হবে। পাশাপাশি দূরের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি গাড়ির ব্যবস্থা, গাড়ি রাখার জন্য গ্যারেজ নির্মাণ এবং বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, গত পাঁচ বছরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক শিক্ষার্থী বিরতির সময় দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়ে আর বিদ্যালয়ে ফেরে না, ফলে পাঠদান ব্যাহত হয়। প্রত্যন্ত ও দরিদ্র এলাকায় অবস্থিত হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতেও নানা সমস্যা রয়েছে। এসব বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি দাবি উত্থাপন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস জানান, নয়টি দাবির মধ্যে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট চারটি দাবি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মেনে নিয়েছে। পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরী বলেন, পর্যায়ক্রমে সপ্তাহের প্রতিদিন মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের যাতায়াতের গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ছবি: প্রতিনিধি





