কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি
কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামের পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকির চিরকুট রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে আগামী দশ-বারো দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লিখে তাঁদের কপালে দুঃখ আছে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দুজন থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ ঘটনা জানাজানি হয়। ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের বাচ্চু মালিথা (৩০) এবং মো. মনিরুজ্জামান মনি (৪০)।
জিডির বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর থেকে ভোরের আগে অজ্ঞাত ব্যক্তিরা বাচ্চু মালিথার বাড়ির প্রধান ফটকের সামনে একটি লাল শপিং ব্যাগ রেখে যায়। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় তিনি ব্যাগটি দেখতে পান। ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু জীবনে তুই কী খেয়েছিস, না খেয়েছিস ভালো করে খেয়ে নিস। দশ-বারো দিনের মধ্যে তোর কপালে দুঃখ আছে।’
একই রাতে মনি ডাক্তার নামে পরিচিত মনিরুজ্জামানের বাড়ির আঙিনায় চুলার পাশে আরেকটি লাল শপিং ব্যাগ রেখে যায় অজ্ঞাতরা। সকালে পরিবারের সদস্যরা সেটি খুলে একই ধরনের সামগ্রী ও চিরকুট পান। সেখানে লেখা ছিল, ‘মনি ভাই জীবনে আপনি কী খেয়েছেন, না খেয়েছেন, ভালো করে খেয়ে নিয়েন। দশ-বারো দিনের মধ্যে ভালো করে খেয়ে নিয়েন, আপনার কপালে দুঃখ আছে।’
মনি ডাক্তার জানান, কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাননি। পরে দুজন দৌলতপুর থানায় পৃথকভাবে জিডি করেন (জিডি নম্বর ৬৬৩ ও ৬৬৪)।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
একই গ্রামের দুটি বাড়িতে প্রায় একই সময়ে একই ধরনের সামগ্রী রেখে হুমকি দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা এবং ভুক্তভোগী দুই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ছবি: প্রতিনিধি





