পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র হামলায় ৩০৮ বেসামরিক নাগরিক নিহত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩৫ জন আহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সময়ে নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
বুধবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্নটি করেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
প্রশ্ন করতে গিয়ে জিন্নাহ কবীর বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে; চাঁদাবাজি ও অবৈধ দখলের ঘটনাও ঘটছে। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, তা-ও জানতে চান তিনি।
সম্প্রতি পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন অভিযানে এক সেনাসদস্য নিহত হন এবং সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।
ছবি: রাঙামাটির সাজেক সড়ক (ফাইল ছবি, সংগৃহীত)





