কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে
দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটাতে কারাগার থেকে নিজের বাসায় ফিরেছেন। মঙ্গলবার রাতে পুলিশের সশস্ত্র পাহারায় একটি এসইউভিতে করে ৭৩ বছর বয়সি নাজিব কুয়ালা লামপুরের বাসায় পৌঁছান। সেখানে প্রচুর সংবাদকর্মী উপস্থিত ছিলেন। তাঁর ফেরার আগেই ওই বাড়িটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়।
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি চার বছর কারাগারে ছিলেন। তদন্তকারীদের হিসাবে, ওই তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়। কৌঁসুলিদের দাবি, নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবে ১০০ কোটি ডলারের বেশি জমা হয়েছিল। নাজিব অভিযোগ অস্বীকার করে আসছেন।
গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা শর্তসাপেক্ষে তাঁকে ক্ষমা করলে বাকি দুই বছরের সাজা বাসায় থেকে ভোগ করার সুযোগ পান তিনি। শর্তের অংশ হিসেবে তাঁকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা দিতে হয়েছে। শুক্রবার তাঁকে স্থানান্তরের কথা থাকলেও অ্যাটর্নি জেনারেল রাজকীয় আদেশের ব্যাখ্যা চেয়ে আবেদন করলে প্রক্রিয়া স্থগিত হয়। মঙ্গলবার হাই কোর্ট জানায়, গৃহবন্দির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত দুর্নীতিবিরোধী লড়াইকে দুর্বল করবে। মালয়েশিয়ার আইনে গৃহবন্দির কোনো বিধান না থাকায় এর আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। গৃহবন্দির মেয়াদ ২০২৮ সালের অগাস্টে শেষ হওয়ার কথা। এরপর ওয়ানএমডিবির আরেকটি মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে দেওয়া ১৫ বছরের সাজা ভোগ করতে হবে তাঁকে, যার বিরুদ্ধে তিনি আপিল করছেন। ফলে এখনি সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন না তিনি।
ছবি: রয়টার্স (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌজন্যে)





