কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেওয়া শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী আন্তালিয়া ছাড়েন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
তিন দিনের সরকারি সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নেন। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্যে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি।
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ওআইসির মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব পাটপণ্যের প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।
ছবি: সংগৃহীত





