পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর ৩৭২ হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩৭২টি হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিহতদের মধ্যে ৩০৮ জন সাধারণ মানুষ এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সভাপতিত্ব করছিলেন।
মন্ত্রী জানান, একই সময়ে এসব হামলায় আহত হয়েছেন ৪৯০ জন, যাঁদের মধ্যে ৪৩৫ জন সাধারণ মানুষ ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। হামলাগুলোর মধ্যে পার্বত্য এলাকার বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ওপর ৮১টি এবং সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলা হয়েছে।
গত পাঁচ বছরে তিন পার্বত্য জেলায় ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, পার্বত্য এলাকায় ‘অপারেশন উত্তরণ’ নামে বিশেষ অভিযান চলছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীর টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যৌথ অভিযানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কয়েক শ সদস্য গ্রেপ্তার হয়েছে এবং অত্যাধুনিক অস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট পোশাক, ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চাঁদাবাজি ঠেকাতে চেকপোস্ট বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান মন্ত্রী। অস্ত্র ও মাদক চোরাচালান রোধে ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় বিজিবির নজরদারিও বাড়ানো হয়েছে। সরকার এ বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি নিয়েছে বলেও জানান তিনি।
পর্যটন মৌসুমের আগে সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাঙামাটির সাজেক উপত্যকায় উত্তেজনা তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া হয়েছে এবং এখন তা স্থিতিশীল বলে জানান তিনি।
ছবি: সংগৃহীত





