সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১৪, আহত ৩০
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা দিলে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতের কিছু আগে ফুজাইরা প্রদেশে প্রবেশের মুখে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ান। এরপর ট্রাকটি উল্টে গিয়ে ধীরগতির যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়, যা আশপাশের আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকসহ মোট ২৩টি যান ক্ষতিগ্রস্ত হয়।
আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আমিরাতি নাগরিক ছাড়াও কয়েকজন বিদেশি রয়েছেন। মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে।
আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও আছেন এবং তারা শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। মন্ত্রণালয় এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, জরুরি ও বিশেষায়িত দলগুলো দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা, দ্য নিউ আরব
ছবি: সংগৃহীত





