ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
বরখাস্ত হওয়া দুজন হলেন রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আমান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় মামলাও করেছে।
আমানুল্লাহ আমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রজীবন থেকেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। বরখাস্তের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। ঘটনা তদন্তে প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে, যাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
ছবি: সংগৃহীত





