কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২
নেত্রকোনার দুর্গাপুরে স্বাক্ষর জাল করে দুটি ব্যাংক হিসাব থেকে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকে তাঁর খোঁজ মিলছে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন কৃষককে ৩ হাজার টাকা করে মানবিক সহায়তা দিতে ইউনিয়নে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। টাকা রাখা হয় সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউপি প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার যৌথ হিসাবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ টাকা বিতরণের দিন ঠিক ছিল। প্রস্তুতি নিতে বলা হলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন ওই কর্মকর্তা; ২২ নভেম্বর বিকেল থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সন্দেহ হলে গত মঙ্গলবার ব্যাংক থেকে হিসাব বিবরণী সংগ্রহ করেন ইউপির প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। তাতে দেখা যায়, ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকে তাঁর স্বাক্ষর জাল করে সাড়ে ২৬ লাখ টাকা তোলা হয়েছে। ইউপির উন্নয়ন সহায়তা তহবিলের হিসাব থেকেও ৪৪টি চেকে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা তোলা হয়েছে। প্রশাসক জানান, টাকা তোলার সময় তাঁর মুঠোফোনে কোনো এসএমএস বা ওটিপি আসেনি।
এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন ফজলুর রহমান। পুলিশ দুজনকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহম্মদ জানান, অভিযুক্তদের মধ্যে সরকারি চাকরিজীবী থাকায় অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে।
দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া জানান, অভিযোগের কপি পেয়েছেন; মামলার অনুমতি নিতে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে। অভিযোগের বিষয়ে রুয়েলুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





