মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন, ১২ দিনে দেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা থামছে না। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় পার্ক করে রাখা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির ছয়টি আসন পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম গণমাধ্যমকে জানান, ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
(ছবি: প্রতীকী)





