‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর
ভারতের শিল্পপতিদের কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বণিকসভা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) শতবর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
মোদি বলেন, ‘আপনাদের ঝুড়ি ঝুড়ি সুবিধা দিয়েছি। কিন্তু আপনারা না বাড়িয়েছেন কর্মসংস্থান, না বাড়িয়েছেন কর্মীদের বেতন। শুধু নিয়েই গেছেন।’
প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, তাঁর সরকার কোম্পানি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছে এবং বছরে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো কর দিতে হয় না। এরপরও শিল্প খাত কর্মসংস্থান ও মজুরি বাড়ায়নি বলে তিনি অভিযোগ করেন। উৎপাদনের মান নিয়েও প্রশ্ন তোলেন মোদি।
বিশ্লেষকেরা বলছেন, স্থবির মজুরি ও কর্মসংস্থান সংকট নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে যে সমালোচনা করে আসছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে তারই প্রতিধ্বনি শোনা গেছে। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুল বলেছিলেন, ভারত ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ মধ্যে রয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদির বক্তব্যকে ‘নার্ভাস ও বিচলিত’ মনোভাবের প্রকাশ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, স্থবির মজুরি ও দুর্বল কর্মসংস্থানের জন্য সরকারের নীতিই দায়ী।
সূত্র: প্রথম আলো, দ্য হিন্দু, মানিকন্ট্রোল





