নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’
ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা ‘শাতাইনিয়ে অঁ ফ্লর’ (চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার) নিউইয়র্কে নিলামে ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। ভ্যান গঘের কোনো শিল্পকর্মের এটিই সর্বোচ্চ দাম।
বুধবার নিউইয়র্কে সোথবি’স নিলামঘরের নিলামে ছবিটি এর আনুমানিক মূল্য ১৮ কোটি ডলার ছাড়িয়ে যায়। এর আগে ভ্যান গঘের ছবির রেকর্ড দাম ছিল ১১ কোটি ৭২ লাখ ডলার, যা ২০২২ সালে ক্রিস্টি’সের নিলামে ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ বিক্রিতে পাওয়া গিয়েছিল।
ছবিটির মালিকানা নিয়ে জটিল ইতিহাস রয়েছে। ১৯৩৬ সালে নাৎসি শাসিত জার্মানিতে ইহুদি দম্পতি হেডভিগ ও স্যামুয়েল ফিশার ছবিটি বিক্রি করেছিলেন। ফিশার পরিবারের উত্তরসূরিদের আইনজীবী নিলাম স্থগিতের দাবি জানিয়েছিলেন। নিলামের এক দিন আগে বর্তমান মালিক ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার ও ফিশার উত্তরসূরিদের মধ্যে সমঝোতা হয়, তবে এর শর্ত প্রকাশ করা হয়নি।
সোথবি’স জানিয়েছে, নাৎসি আমলে ছবিটির জটিল ইতিহাস এবং হলোকাস্টে ফিশার পরিবারের দুর্ভোগের স্বীকৃতিতে দুই পরিবার পারস্পরিক সন্তোষজনক সমাধানে পৌঁছেছে।
১৮৯০ সালের মে মাসে মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ছবিটি আঁকেন ভ্যান গঘ। এর দুই মাস পরই তাঁর মৃত্যু হয়। একই নিলামে পল সেজানের প্রতিকৃতি ‘আর্লেকাঁ’ বিক্রি হয়েছে ১১ কোটি ১০ লাখ ডলারে। আর্জেন্টাইন সংগ্রাহক দম্পতির সংগ্রহের ১২টি শিল্পকর্ম মোট ৪১ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছে।
সূত্র: এপি, সোথবি’স





