রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ ৫০, ওয়ারী ৫২, মতিঝিল ৪৭, তেজগাঁও ৬৩, মিরপুর ১০৩, গুলশান ৪৮, উত্তরা ৫৩ এবং গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
এর আগে আলাদা অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ডিএমপি। দেশজুড়ে সাম্প্রতিক নাশকতা ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে রাজধানীতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





