নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম
নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাস নেতা সোহেল মোল্যার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া শহরে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বেন্দারচর এলাকা অতিক্রমের সময় অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত দুই নেতাকে খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানাজায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
দুই নেতাকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনেরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জোড়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কালিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





