মামদানি-ট্রাম্প সমঝোতা: বোদেগাগুলোর জন্য SNAP-এর নতুন নিয়ম ৯০ দিন পেছাল
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির অনুরোধে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ (SNAP) গ্রহণকারী দোকানগুলোর জন্য নতুন মজুত নিয়ম কার্যকরের সময়সীমা অন্তত ৯০ দিন পিছিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। শুক্রবার (১৩ নভেম্বর) মেয়র মামদানি এ সমঝোতার ঘোষণা দেন এবং একই দিনে ইউএসডিএ তা নিশ্চিত করে।
মামদানি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কৃষিমন্ত্রী ব্রুক রলিন্সের সঙ্গে আলোচনা করে এ সমঝোতায় পৌঁছানো হয়েছে। তিনি শুরুতে ছয় মাস সময় চেয়েছিলেন।
ইউএসডিএর নতুন নিয়ম অনুযায়ী, স্ন্যাপ গ্রহণকারী দোকানগুলোকে দুগ্ধজাত পণ্য, শস্য, প্রোটিন এবং ফল ও সবজি—এই চারটি মৌলিক ক্যাটাগরির প্রতিটিতে সাত ধরনের পণ্য রাখতে হবে এবং প্রতিটির অন্তত তিনটি করে ইউনিট মজুত রাখতে হবে। সব মিলিয়ে কমপক্ষে ৮৪টি নির্ধারিত পণ্য রাখা বাধ্যতামূলক। নিয়মটি গত ৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
মেয়র মামদানি বলেন, "আরও সময় না পেলে এসব দোকানের অনেকগুলোই স্ন্যাপ গ্রহণের সুযোগ হারানোর ঝুঁকিতে ছিল।" তিনি আরও বলেন, "শত শত বোদেগা যখন সাহায্যের জন্য আমাদের প্রশাসনের কাছে এসেছিল, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।"
ইউএসডিএ এক বিবৃতিতে জানায়, দোকানগুলোকে নিয়ম মেনে চলার প্রস্তুতি নিতে আরও ৯০ দিন সময় দেওয়া হচ্ছে। তবে নিয়মটি প্রত্যাহার করা হয়নি; নির্ধারিত সময়ের পর দোকানগুলোকে তা মানতে হবে।
মেয়রের দপ্তরের হিসাবে নিউইয়র্ক সিটিতে ১০ হাজারের বেশি বোদেগা ও কর্নার স্টোর রয়েছে। যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৬০ লাখের বেশি মানুষ স্ন্যাপের ওপর নির্ভরশীল এবং আড়াই লাখের বেশি দোকান স্ন্যাপ গ্রহণের অনুমোদনপ্রাপ্ত।
সূত্র: নিউজউইক, ইউএসডিএ
ছবি: গেটি ইমেজেস (ফাইল)





