চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক
অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এ অভিযান পরিচালিত হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অভিযানের ফলাফল জানায়।
পুলিশ জানায়, আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সবচেয়ে বেশি সদস্য আটক হয়েছে কুমিল্লায়, ২২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ ও বান্দরবানে ৮ জন আটক হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ২৫, কুমিল্লায় ২১, চাঁদপুরে ১০, লক্ষ্মীপুরে ৯, কক্সবাজারে ৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, নোয়াখালী ও ফেনীতে ৩ জন করে, খাগড়াছড়িতে ২ ও বান্দরবানে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মাদক মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ১২ জনকে কারাদণ্ড দিয়েছেন। এ সময় ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি: সংগৃহীত





