যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা ব্যবহার করে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে ভ্রমণ অনুমোদিত নয় বলে আবারও সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
পোস্টে দূতাবাস বলেছে, "যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ অনুমোদিত নয়।"
‘বার্থ ট্যুরিজম’-এর ব্যাখ্যায় দূতাবাস জানায়, সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে মূলত সেখানে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করাকেই ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়।
এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। আগের এক বার্তায় দূতাবাস জানিয়েছিল, কোনো আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া বলে কনস্যুলার কর্মকর্তাদের বিশ্বাস করার কারণ থাকলে তারা ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন।
চলতি বছরের সেপ্টেম্বরে বি১/বি২ ভিসাধারীদের উদ্দেশে দেওয়া আরেক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বেতনের বিনিময়ে কোনো মার্কিন প্রতিষ্ঠানে চাকরি করা কিংবা ডিগ্রি বা একাডেমিক ক্রেডিটের জন্য পূর্ণকালীন পড়াশোনা করাও ভিসার শর্তের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার শর্ত ও বিধিনিষেধ ভালোভাবে জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
সূত্র: ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আমার দেশ
ছবি: সংগৃহীত





