যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে
যুক্তরাজ্য সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে দলের স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
সফরে তার সঙ্গে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক বিষয়ক) আলাউদ্দিন মোহাম্মদ।
শনিবার (১৪ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে লন্ডনে পৌঁছেছি।’ উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও ডায়াসপোরা অ্যালায়েন্স ইউকের প্রতি কৃতজ্ঞতা জানান।
সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে জানান, সফরকালে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম।
সফরসূচি অনুযায়ী, তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে জুলাই অভ্যুত্থান ও ২০২৪ সালের জুলাই-পরবর্তী বাংলাদেশ নিয়ে বক্তব্য দেবেন তিনি।
আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
ছবি: সংগৃহীত





