দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা
প্রায় দুই বছর পর আবারও শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার জোট কোয়াডের নেতারা। আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে প্রস্তুতির সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর এটিই হবে কোয়াড নেতাদের প্রথম বৈঠক। সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের উইলমিংটনে। ২০২৫ সালের শেষ দিকে ভারতে একটি শীর্ষ বৈঠকের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র-ভারত শুল্ক ও বাণিজ্য উত্তেজনার কারণে তা ভেস্তে যায়।
সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করা, নিরাপদ সাপ্লাই চেইন এবং সমুদ্র নিরাপত্তা, বিশেষ করে বাণিজ্যিক নৌপথ উন্মুক্ত রাখা নিয়ে আলোচনা হতে পারে। দক্ষিণ চীন মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর জন্য সাড়ে ৮ কোটি ডলার পর্যন্ত সহায়তার ঘোষণা আসতে পারে।
গত ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের আটলান্টায় কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা জোরদারে একমত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন বলেছিলেন, কোয়াড ‘চীনবিরোধী’ জোট নয়।
ম্যানিলা সফর শেষে ট্রাম্প চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনে যোগ দেবেন, যেখানে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বৈঠকটি নিয়ে চার দেশের সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র: রয়টার্স, খামা প্রেস, সউল ইকোনমিক ডেইলি
ছবি: সংগৃহীত (ফাইল)





