হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা
কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে ওঠেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এ সফর ব্যবসায়িক কারণে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সফর নিয়ে সরকার বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
প্রায় তিন বছর বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ-সংক্রান্ত কার্যক্রমের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
এক্সিলারেট এনার্জি বাংলাদেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে, যার একটি কোম্পানির নিজস্ব এবং অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরে প্রায় এক লাখ কোটি টাকার এলএনজি সরবরাহের দীর্ঘমেয়াদি চুক্তিও রয়েছে সরকারের।
রাষ্ট্রদূত থাকাকালে পিটার হাস অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছিলেন। সে সময় তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেন। তার এসব তৎপরতাকে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলে সমালোচনা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর তিনি বলেছিলেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।
ছবি: সংগৃহীত





