বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
ফেডারেল আদালতের ক্ষমতা সীমিত করতে আবারও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সর্বোচ্চ আদালতে বিচারাধীন একটি আপিলে বিচার বিভাগ যুক্তি দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় আদালত কোনো সরকারি বিধিমালা পুরোপুরি বাতিল করতে পারেন না; সর্বোচ্চ শুধু মামলাকারীদের ক্ষেত্রে তা কার্যকর হওয়া ঠেকাতে পারেন।
২০২৫ সালের জুনে সুপ্রিম কোর্ট দেশব্যাপী কার্যকর ‘ইউনিভার্সাল’ নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করেছিলেন। এবার প্রশাসন চাইছে, এপিএ-সংক্রান্ত রায়ের ক্ষেত্রেও একই সীমা আরোপ করা হোক।
মামলাটি এসেছে টেক্সাসের চিকিৎসাসেবা প্রদানকারীদের একটি চ্যালেঞ্জ থেকে। ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ‘সারপ্রাইজ মেডিকেল বিলিং’ আইন বাস্তবায়নে প্রণীত বিধিমালার বিরুদ্ধে তারা মামলা করেন। গত আগস্টে নিউ অরলিন্সভিত্তিক ফিফথ সার্কিট আপিল আদালত বিধিমালার কিছু অংশ দেশব্যাপী বাতিল করেন।
প্রশাসনের আপিলে ওই রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়নি; বরং কোনো নীতি দেশব্যাপী আটকে দেওয়ার আদালতের ক্ষমতাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। প্রশাসনের ভাষ্য, সুপ্রিম কোর্টের উচিত ‘নিম্ন আদালতগুলোকে এপিএর অধীনে তাদের যথাযথ ভূমিকায় ফিরিয়ে আনা’।
টেক্সাস ও ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্য এবং কিছু আইনের অধ্যাপক বলছেন, নির্বাহী বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এপিএ একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাই বলেন, ট্রাম্প প্রশাসন জিতলে নির্বাহী বিভাগ ‘আরও বেশি নমনীয়তা’ পাবে।
আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
সূত্র: রয়টার্স, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
ছবি: রয়টার্স





