বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা
তুষার পরিষ্কারের কাজ নির্বিঘ্ন রাখতে নিউইয়র্কের বাফেলো শহরে রোববার (১৫ নভেম্বর) থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ কার্যকর হচ্ছে। এই নিয়ম চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) ‘ডোন্ট ব্লক ইয়োর ব্লক’ নামে একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সিটি কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী, শহরের নির্ধারিত বাস রুটগুলোতে প্রতিদিন রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত গাড়ি পার্ক করা যাবে না। পাড়ার রাস্তাগুলোতে ব্লকে লাগানো সাইনবোর্ডের নির্দেশনা মেনে গাড়ি রাখতে হবে। প্রথম সপ্তাহে (১৫ থেকে ২১ নভেম্বর) অল্টারনেট সাইড পার্কিং নিয়ম ভাঙলে শুধু সতর্ক করা হবে।
পার্কিং কমিশনার জাস্টিন বুথ জানান, স্নো-প্লাউয়ের পথ আটকে রাখা গাড়ি ‘মিনি-টো’ করে কাছাকাছি সরিয়ে দেওয়া হবে এবং গাড়ির মালিককে ১১০ ডলারের টিকিট দেওয়া হবে। এ জন্য পার্কিং এনফোর্সমেন্ট কর্মকর্তা ও টো-ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে।
মেয়র শন রায়ান বলেন, উদ্দেশ্য জরিমানা বা গাড়ি টো করা নয়, বরং নিয়ম মানানো। ভুলভাবে রাখা একটি গাড়িই পুরো ব্লকের বরফ পরিষ্কার আটকে দিতে পারে। তিনি বাসিন্দাদের সাইন দেখে গাড়ি সরিয়ে রাখার এবং অতিথিদেরও নিয়ম জানিয়ে দেওয়ার আহ্বান জানান।
পাবলিক ওয়ার্কস কমিশনার নোলান স্কিপার জানান, কোনো ব্লকে গাড়ির কারণে প্লাউ থামতে হলে পিছিয়ে বের হয়ে অন্য পথে যেতে ২০ থেকে ৩০ মিনিট লেগে যায়, এমনকি পুরো ব্লক বাদ পড়ে যেতে পারে। সরু রাস্তা ও কানাগলির জন্য নতুন ছোট যন্ত্রপাতি কেনা হয়েছে এবং ২২টি স্নো-প্লাউ প্রস্তুত রাখা হয়েছে।
বাস রুটের হালনাগাদ তালিকা সিটির ওয়েবসাইট buffalony.gov/winterparking-এ পাওয়া যাবে। বাফেলোর বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাসিন্দাদেরও নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বাফেলো টরন্টো পাবলিক মিডিয়া (বিটিপিএম), ডব্লিউকেবিডব্লিউ
ছবি: বিটিপিএম





