মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের সময়ে প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের আওতায় শেখ হাসিনা একজন ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, "১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।"
ফ্যাসিবাদ প্রতিরোধের ডাক দিয়ে তিনি বলেন, "সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।"
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, দলটির অনেক নেতা কলকাতা, থাইল্যান্ডের ব্যাংকক ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে আরামে দিন কাটাচ্ছেন, অথচ দেশে তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে নাশকতা করানো হচ্ছে।
যুবদল ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে তাদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রিজভীর এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রথম আলো





