১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠে নেমেছে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স। আগুন লাগার ১৯ দিন পর শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘটনাস্থলে নিয়ে নির্বাপণ কাজ শুরু করা যায়।
গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় স্থানীয় বাসিন্দা আবদুল্লাহর বাড়িতে নলকূপ বসানোর সময় হঠাৎ গ্যাস বের হতে থাকে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়, যা এখনো জ্বলছে।
শনিবার সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এলাকাটি ঘুরে দেখেছেন। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, "আপাতত নিরাপদে জ্বলন্ত আগুন নির্বাপণ বা নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ।" তবে কবে নাগাদ আগুন পুরোপুরি নেভানো যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।
সেখানে গ্যাস উত্তোলনের জন্য খনন করা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, "গ্যাস উত্তোলনের জন্য সেখানে খনন করা হবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।" আগুন নেভানোর পর বিশেষজ্ঞ দল গ্যাসের মজুত নিয়ে অনুসন্ধান চালাবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে পেট্রোবাংলা জানিয়েছিল, উখিয়ার ওই স্থানে গ্যাসের সঙ্গে তেল থাকারও সম্ভাবনা রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আসতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।
ছবি: টিবিএস





