মিরপুরে শ্রমিক-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ
রাজধানীর মিরপুর-১৩ এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরের প্রিন্স বাজারের বিপরীত পাশে এবং আশপাশের কয়েকটি পোশাক কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ গড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, নারী শ্রমিকদের লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত। এ নিয়ে শ্রমিক, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।
আহতদের মিরপুর-১৪ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের প্রভাবে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ছবি: সংগৃহীত





