রামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধ
গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার, গিমাডাঙ্গা ও কুশলী এলাকায় এ মহড়া দেখা যায়। এ ছাড়া খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও সড়ক অবরোধ করা হয়েছে।
সড়ক অবরোধের ছবি তুলতে দেওয়া হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
অবরোধকারী কয়েকজন যুবক নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির পদধারী বলে পরিচয় দেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করতে তাঁরা মাঠে রয়েছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। থানা চত্বরে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয় এবং বিজিবির গাড়িও পোড়ানো হয়। সে সময়ও লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন সড়কে মহড়া দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ছবি: সংগৃহীত





