২১ নভেম্বর থেকে মাঠে জামায়াত, ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে।’
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা—এই তিন বিষয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গণভোটের রায় উপেক্ষা করায় সরকার জনগণের আস্থা হারাচ্ছে; জাতীয় সংকট নিরসনে সরকার, বিরোধী দল ও জনগণের ঐক্য দরকার হলেও সরকার সেই পথ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, গত কয়েক দিনে দেশের প্রায় ২২টি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, জামায়াতের নেতা-কর্মীদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, যা এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই।
ঘোষিত কর্মসূচি: ২১ নভেম্বর শনিবার দুপুর সোয়া ১টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল; ২৫ নভেম্বর ঢাকার বাইরের ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল এবং ঢাকায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন; ২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে সমাবেশ-মিছিল।
এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবসে আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসে আলোচনা, ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি, ১৫ ডিসেম্বর আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি করবে দলটি। ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশজুড়ে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প হবে।
ছবি: সংগৃহীত





