বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ শুক্রবার (১৩ নভেম্বর) নাগাদ একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। লঘুচাপের গতিপথ ও প্রভাব সম্পর্কে পরে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে হালকা শীতের অনুভূতি দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে, ৫০ মিলিমিটার। এ ছাড়া মোংলায় ১৩ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ ও ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ছবি: সংগৃহীত





