বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর, লটারি শুধু প্রথম শ্রেণিতে
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর নির্ধারণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করেছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিশুর বয়স ৬ বছর বা তার বেশি এবং ৭ বছরের কম হতে হবে। অর্থাৎ ২০২৭ সালে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্ম ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়স শিথিল করা যাবে। ২০২৫ সালের নীতিমালায় প্রথম শ্রেণিতে ন্যূনতম বয়স ছিল ৫ বছর।
প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে। নির্বাচিত তালিকার সমানসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্বাচিতরা নির্ধারিত সময়ে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে ভর্তি করা হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা হবে ৫০ নম্বরের (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০), সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে ১০০ নম্বরের (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০), সময় দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেশন চার্জসহ অন্যান্য ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে।
প্রতীকী ছবি: সংগৃহীত (শিক্ষার্থীদের মুখ ঝাপসা করা হয়েছে)





