‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী
প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন সিদ্ধান্ত ভারতের হাতে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন।’ তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’
প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, ‘এই যে এক্সট্রাডিশন চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।’ ভারত শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে পারে কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এটা উনারা বলতে পারবেন।’
আপিলের সুযোগ নেই
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগে দেরিতে আপিলের সুযোগ নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন এই ধরনের মামলায় ডিলে কন্ডন করার আইনগত কোনো সুযোগ নাই। কারণ স্পেশাল ল-তে কন্ডন করার কোনো সুযোগ রাখেননি। উনারাই সে আইন করে গেছেন।’ এ প্রসঙ্গে তিনি ১৯৭৩ সালে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের সংশোধনীর কথা উল্লেখ করেন, যেখানে এ ধরনের অপরাধে অভিযুক্ত বা দণ্ডিতদের মৌলিক অধিকার দাবির সুযোগ রাখা হয়নি।
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত টিম এবং প্রসিকিউশন যেভাবে এগিয়ে যাবেন। আমরা সেখানে ইন্টারফেয়ার করি না।’ সাক্ষীদের সুরক্ষার বিষয়েও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাঁর প্রত্যর্পণ চাইলেও নয়াদিল্লি এখনো সাড়া দেয়নি। এর মধ্যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত





