১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঠিক হয়নি
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেটমুখী লংমার্চ স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এই লংমার্চ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে কর্মসূচিটি হচ্ছে না, নতুন তারিখও এখনো ঠিক করা হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নেতারা এ তথ্য জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, সাম্প্রতিক লংমার্চগুলো ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশার কারণে এবার সড়কপথের বদলে ট্রেনে করে সিলেট যাওয়ার এবং রেলস্টেশনের কাছে পথসভা করার পরিকল্পনা ছিল জোটের। চার বিভাগের লংমার্চের মধ্যে কেবল এটিই রেলপথে হওয়ার কথা ছিল। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, লংমার্চের দিনে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা নিয়ে প্রশ্ন ওঠায় পরিকল্পনাটি পুনর্বিবেচনা করা হয়।
সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান বলেন, ‘খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে।’ কবে এই কর্মসূচি হবে, সে বিষয়ে স্থানীয় নেতাদের কাছে নতুন কোনো নির্দেশনা নেই বলে জানান তিনি।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ হয়। ৩১ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া খুলনা বিভাগমুখী লংমার্চ কুষ্টিয়ায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
১১ দলীয় ঐক্যের একটি কর্মসূচিতে নেতারা। ফাইল ছবি





