কোম্পানীগঞ্জে আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত
দুই শাখায় অংশ নিল ১ হাজার ৬৭৬ শিক্ষার্থী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার মানিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শাখায় অনুষ্ঠিত এ পরীক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ১ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত প্রাথমিক শাখার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির এবং দুপুর ২টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত নিম্নমাধ্যমিক শাখার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ছানা উল্যা খাঁন, সাধারণ সম্পাদক মাস্টার সোহরাব হোসেন শামীম ও যুগ্ম সম্পাদক মাস্টার গোলাম সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তা এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পলাশ চন্দ্র রাউৎ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রাথমিক শাখায় মোট ৮২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে ১৬১, চতুর্থ শ্রেণিতে ৩৪৫ এবং পঞ্চম শ্রেণিতে ৩২২ জন। নিম্নমাধ্যমিক শাখায় অংশ নেয় ৮৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ২৭৬, সপ্তম শ্রেণিতে ২৭৯ এবং অষ্টম শ্রেণিতে ২৯৩ জন।
আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদ্দীন মওদুদ। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ব্যারিস্টার মওদুদ আহমদ এ বৃত্তি কার্যক্রমের সূচনা করেন। দীর্ঘ চার দশক ধরে এ কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে অব্যাহত রয়েছে।
পরীক্ষাকেন্দ্রে কোম্পানীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালুর বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণীর সময়সূচি পরবর্তীতে জানানো হবে।





