খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাটিরাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, আহ্বায়ক কমিটির সদস্য প্রবীণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সুমন ত্রিপুরা।
আহত প্রবীণ ত্রিপুরার অভিযোগ, সাত-আটটি মোটরসাইকেলে করে এলাকা দিয়ে যাওয়ার সময় লাঠিসোঁটা ও ধারালো দা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
তবে পুলিশের বক্তব্য কিছুটা ভিন্ন। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, তিনি শুনেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলে করে ওই এলাকায় আওয়ামী লীগের লোকজনকে আটক করতে গিয়েছিলেন, তখনই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘বিস্তারিত তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। বিএনপি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।
হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত





