হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে আফ্রিকার কোনো দেশও রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে তিনি বিবিসি বাংলার একটি প্রতিবেদনের প্রসঙ্গ টানেন।
নাজমুল হকের দাবি, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে ভারত, কিন্তু কোনো দেশ রাজি হয়নি। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতার—কেউই তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি; আফ্রিকার কোনো দেশও ইতিবাচক সাড়া দেয়নি। তাঁর ভাষায়, ‘গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না’ কোনো দেশ।
তিনি লেখেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে এবং এত দিন ধরে তাঁকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বিবিসি বাংলার প্রতিবেদনের বরাত দিয়ে তিনি দাবি করেন, ভারতের জন্য সবচেয়ে ভালো বিকল্প ছিল হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো; অন্য দেশগুলোর সঙ্গে দিল্লির আলোচনা ব্যর্থ হওয়ায় এখন বিচারের মুখোমুখি হতে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোকেই একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত।
পোস্টে আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করে নাজমুল হক অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের রক্তের ওপর দিয়ে ফিরে আসার চেষ্টা করছে দলটির নেতৃত্ব। ক্ষমতা ছেড়ে পালানোর সময় পরিবারের সদস্যদের আগে বিদেশে পাঠিয়ে কর্মীদের ‘বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার ছেলের নামে প্রচারিত একটি বক্তব্য উদ্ধৃত করেন—‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’
এখনো সহিংসতায় জড়িত আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ এবং নিরাপত্তার কথা ভেবে দেখার আহ্বান জানান তিনি।
তবে সহকারী প্রেস সচিবের এসব দাবির বিষয়ে ভারত সরকার কিংবা উল্লিখিত দেশগুলোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছিল, তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ভাবছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, এ বিষয়ে তাঁর ‘কিছু বলার নেই’।
শেখ হাসিনা। ফাইল ছবি





