ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি
নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা মোকাবিলায় পুরো ডিসেম্বর মাস রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। এ লক্ষ্যে সভা-সমাবেশ, পাড়া-মহল্লায় প্রচার, মিছিলসহ নানা কর্মসূচির পরিকল্পনা করছে দলটি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের নেতাদের নিয়ে এক বৈঠকে এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ হতে পারে, তবে সেই বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি।
দৈনিক ভোরের কাগজের প্রতিবেদন অনুযায়ী, সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দেওয়া হয়েছে—ডিসেম্বরে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাশত করা হবে না। নাশকতা ঠেকাতে পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে।
রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি পাশের দেশ থেকে স্থানীয় এজেন্টদের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, আর সরকার ব্যাপক পুলিশি অভিযান শুরু করেছে।
এর আগে গত ৯ নভেম্বর বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমান দলের সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘রাজপথে আমাদের থাকতে হবে।’
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গেও বৈঠকের কথা ভাবছেন তারেক রহমান। জোট ও দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটি বৈঠক হতে পারে, যদিও তারিখ চূড়ান্ত হয়নি।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিএনপি এটিকে আওয়ামী লীগকে সক্রিয় রাখার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে শেখ হাসিনা আসবেন না।’ সরকার এরই মধ্যে জানিয়েছে, হাসিনাকে ফেরাতে হলে ভারতের কাছে প্রত্যর্পণের প্রক্রিয়াতেই যেতে হবে।
এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতান্ত্রিক উত্তরণ রক্ষায় সরকারি, বিরোধী ও সংসদের বাইরের দলগুলোর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
বিএনপির দলীয় পতাকা। ফাইল ছবি





