ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম।
‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই ব্রিটিশ এমপি জানান, তিনি একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন। ওই আইনজীবীর মতে, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার মতো ভিত্তি রয়েছে। টিউলিপের দাবি, ইউনূস সরকারের আমলে তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো ছিল ‘বিদ্বেষমূলক মামলা’।
গত বছরের ডিসেম্বরে ঢাকার কাছে পরিবারের জন্য প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটানোর অভিযোগে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। টিউলিপ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পডকাস্টে টিউলিপ আরও দাবি করেন, তাঁর আইনজীবীরা অভিযোগ সম্পর্কে জানতে চিঠি পাঠালেও বাংলাদেশ সরকার জবাব দেয়নি। লন্ডন সফরের সময় ড. ইউনূসকে চিঠি দিয়ে দেখা করার চেষ্টা করলেও তিনি রাজি হননি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. ইউনূসের ঘনিষ্ঠ সহযোগীরা কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ড. ইউনূসের বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান, একাত্তর টিভি
ছবি: সংগৃহীত





