হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমির
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।
অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ দলের নেতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
জামায়াত আমির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এ দেশের সচেতন জনগণ প্রতিহত করবে। অতীতে সংঘটিত সব হত্যাকাণ্ড ও অপরাধের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে এবং বিচার শেষে আদালতের রায় মেনে নিতে হবে।
প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। এই উদ্যোগ যেন সাময়িক না হয়ে স্থায়ী জাতীয় ঐক্যে রূপ নেয়, সেই প্রত্যাশাও করেন তিনি। সাম্প্রতিক অস্থিরতার জন্য জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন না হওয়াকে দায়ী করেন জামায়াত আমির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন শফিকুর রহমান। গত ২০ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। সেখানে তিনি দেশটির সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করেন তিনি।
ছবি: সংগৃহীত





