বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের সামনে টাঙানো বেশ কিছু ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।
দলীয় নেতাকর্মীরা জানান, অজ্ঞাতপরিচয় দুই-তিনজন যুবক কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। বুধবার সকালে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই আগুন দিয়েছে। তিনি জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ছবি: সংগৃহীত





