চীনের শেনচৌ-২৪ মিশনে মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী
প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নভোচারী মহাকাশের কক্ষপথে পৌঁছেছেন। চীনের শেনচৌ-২৪ মহাকাশযানে চড়ে চীনা মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে গেছেন ৪০ বছর বয়সী জিশান আলী। তিনিই তিয়ানগংয়ে যাওয়া প্রথম বিদেশি নাগরিক।
বুধবার (২৫ নভেম্বর) বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের জিউছুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ৩ ঘণ্টা ৩৮ মিনিট পর এটি তিয়ানগং স্টেশনে সংযুক্ত হয় বলে জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা।
মিশনের অন্য দুই সদস্য হলেন কমান্ডার তাং হংবো ও পাইলট উ ই। জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে প্রায় এক সপ্তাহ মহাকাশে থাকবেন। এ সময় খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে মাইক্রোঅ্যালজি চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশযাত্রার প্রভাব নিয়ে পরীক্ষা চালাবেন তিনি।
উৎক্ষেপণ প্রত্যক্ষ করা পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এক্সে লিখেছেন, পাকিস্তানের মহাকাশ কর্মসূচির নতুন যুগ শুরু হলো।
সূত্র: ডন, আল জাজিরা
ছবি: সংগৃহীত





