বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এসব দেশে অতিরিক্ত শিল্পউৎপাদন সক্ষমতা নিয়ে চালানো একটি তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন তিনজনের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় চলতি বছরের মার্চে এ তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
নতুন শুল্কের হার এখনো স্পষ্ট নয়। একটি সূত্র জানিয়েছে, দেশভেদে আলাদা হার ঠিক করা হবে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক আরোপের সম্ভাবনা কম। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তির ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ১৯ শতাংশ শুল্কসীমা মেনে চলা হতে পারে।
সাবেক মার্কিন বাণিজ্য বিভাগের কর্মকর্তা রায়ান মেজেরাস মনে করেন, বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকা দেশগুলোর ওপর ১৫ থেকে ২৫ শতাংশ শুল্ক প্রস্তাব করা হতে পারে। বাধ্যতামূলক শ্রম নিয়ে আগের একটি তদন্তের পর আরোপ করা ১০ বা ১২.৫ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে।
রয়টার্স জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে শুল্কগুলো বাতিল করেছিল, নতুন শুল্ক আংশিকভাবে সেগুলোর জায়গা নেবে। ইউএসটিআর ও হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: রয়টার্স, মডার্ন ডিপ্লোমেসি
ছবি: সংগৃহীত





