অনুমতি ছাড়া বিদেশে অবস্থান: ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া।
সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য ওবায়দুল ইসলাম জানান, বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একই সভায় ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে সশরীরে রেজিস্ট্রারের কাছে উপস্থিত হতে বলা হয়েছে। উপাচার্য বলেন, তাঁদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কিছু জানে না।
এ ছাড়া ম্যানেজমেন্ট বিভাগের শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের কামাল উদ্দিনের বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলায় পরবর্তী সিন্ডিকেট সভায় অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





