গোপালগঞ্জের সেই এসপি হাবীবুল্লাহকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি
গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলির মাত্র ১০ দিনের মাথায় পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে আবারও বদলি করা হয়েছে। এবার তাঁকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দিনকে ফেনীর নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর আরেক প্রজ্ঞাপনে হাবীবুল্লাহকে গোপালগঞ্জ থেকে ফেনীতে এবং ফেনীর তৎকালীন এসপি প্রত্যূষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছিল।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগসহ নানা ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে দুই দফা বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
ছবি: সংগৃহীত





